ইরানের উপর আগাম পূর্বাভাস ছাড়াই গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি আরব দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে দেশটি।
এরই প্রেক্ষিতে, এক জরুরি বৈঠক ডেকেছে আরব লিগ।
সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এই বৈঠক ডেকেছেন। আর বৈঠকের অনুরোধ জানিয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর।
ফরাসি গণমাধ্যম এএফপিকে তিনি জানান, বেশ কয়েকটি আরব দেশে ‘ইরানি হামলার’ বিষয়ে আলোচনা করতে আগামী রবিবার সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি বৈঠকে বসবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে প্রতিবেশীদের ওপর হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছিল আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। এসময় এই হামলাকে ইরানের কৌশলগত ভুল বলেও বর্ণনা করেন তিনি।
উল্লেখ্য, ২২ সদস্যের আরব লিগ আঞ্চলিক সহযোগিতা উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করে। তবে সংস্থাটিকে ব্যাপকভাবে অকার্যকর হিসেবে দেখা হয়।

