মিশিগানের গ্রামীণ এলাকায় আঘাত হানা প্রলয়ঙ্করী টর্নেডো ও শক্তিশালী ঝড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) বিকালে দক্ষিণ মিশিগানে এই প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে, যার ফলে অসংখ্য ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং শত শত বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এলাকাটিতে টর্নেডো সতর্কতা জারির পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে থ্রি রিভার্স এবং ইউনিয়ন সিটি এলাকায় বিশাল ঘূর্ণিবায়ুকে ভবনের ছাদ উড়িয়ে নিতে এবং ধ্বংসাবশেষ আকাশে ভাসিয়ে নিতে দেখা গেছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইউনিয়ন সিটি সংলগ্ন ব্রাঞ্চ কাউন্টিতে, যেখানে স্থানীয় শেরিফ অফিস তিনজনের মৃত্যু এবং ১২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এছাড়া ক্যাস কাউন্টিতে আরও একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
কাউন্টি কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, সেখানে বসতবাড়িসহ বেশ কিছু বড় স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ধ্বংসলীলার ভয়াবহতা এতটাই ছিল যে, বহু গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি রাস্তার পাশে থাকা পুলিশের গাড়ি ও হাসপাতালের সামনে বড় বড় গাছ পড়ে থাকতে দেখা গেছে।
ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ইউনিয়ন সিটির অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, বহু বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে এবং ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ইউনিয়ন লেক এলাকায় প্রায় দুই মাইল জুড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে থাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে। পরিস্থিতি মোকাবিলায় মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার সক্রিয় করেছেন।
মিশিগান জরুরি পরিষেবা ও পুলিশের মুখপাত্র ক্লেটন কামিন্স রয়টার্সকে জানান, দক্ষিণ-পশ্চিম মিশিগানে এটি একটি বিধ্বংসী বিকাল ও সন্ধ্যা ছিল। যদিও স্থানীয় উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দিচ্ছে, তবে রাজ্য সরকার যে কোনো প্রয়োজনে অতিরিক্ত সম্পদ ও সহায়তা প্রদানের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

