বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

শিরোনাম

যুবরাজ সালমানের সঙ্গে ফোনালাপ পাকিস্তান প্রধানমন্ত্রীর, কী আলোচনা হলো?

বুধবার, মার্চ ২৫, ২০২৬

প্রিন্ট করুন

চলমান মার্কিন-ইসরাইল ও ইরানের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি প্রস্তাব তৈরি করেছে। আবার ইরান পাল্টা ৫ দাবি ছুঁড়ে দিয়েছে যুদ্ধবিরতি কার্যকরে। এরই মধ্যে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের পাশে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর সৌদি প্রেস এজেন্সির।

বুধবার (২৫ মার্চ) এসপিএর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে শরিফ বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে এমন ইরানের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সবসময় দৃঢ়ভাবে পাশে থাকবে।

এ আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান সামরিক উত্তেজনার প্রভাব নিয়েও কথা হয়। উভয় নেতা অঞ্চল ও বিশ্ব নিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কঠিন এ সময়ে পাকিস্তান সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি সৌদি আরবের সংযমের প্রশংসা করেন এবং দ্রুত উত্তেজনা কমানো, সংঘাত বন্ধ ও ঐক্যের ওপর জোর দেন।

শরিফ আরও জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কেও যুবরাজকে অবহিত করেছেন এবং উভয় দেশ ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে সম্মত হয়েছে।

এর আগে মঙ্গলবার শরিফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে তিনি আলোচনার আয়োজন করতে আগ্রহী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এর পর থেকে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে আসছে। উপসাগরীয় কয়েকটি দেশেও হামলার ঘটনা ঘটেছে, যদিও তারা এই সংঘাতে জড়িত নয় বলে জানিয়েছে।