বিপুল উৎসাহ উদ্দীপনা এবং স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬’-এর এক্সিকিউটিভ গালা ও অ্যানাউন্সমেন্ট ডিনার। ফ্লোরিডার করাল স্প্রিংস শহরের লা কুইন্টা হোটেলের বলরুমে তিন শতাধিক আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে জমকালো এই অনুষ্ঠানে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৩১তম বহুজাতিক সাংস্কৃতিক মেলা ও ট্রেড ফেয়ারের আনুষ্ঠানিক তারিখ, থিম ও সার্বিক পরিকল্পনা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিগত বছরের ফেস্টিভ্যালের সাফল্য উদযাপন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। গত বছরের ফেস্টিভ্যাল কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন কনভেনার নাঈম খান দাদন, চেয়ারম্যান সাইফুল ইসলাম বুলবুল এবং মেম্বার সেক্রেটারি মো. আকরাম হোসেন। স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২৬ সালের ফেস্টিভ্যাল কমিটির নবনিযুক্ত কনভেনার আওয়াল দয়ান, চেয়ারম্যান আবু নাঈম দাউদ এবং সেক্রেটারি জেনারেল এম কে আলম এক যৌথ বিবৃতিতে জানান, আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৬ (শনিবার ও রবিবার) ফ্লোরিডার পেমব্রোক পাইনসে অবস্থিত চার্লস এফ ডজ সিটি সেন্টারে দুদিনব্যাপী আন্তর্জাতিক এই মেলা অনুষ্ঠিত হবে।
তিন দশকের ঐতিহ্যবাহী এই আয়োজন এবার আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ঐতিহ্যে আমাদের শিকড়, ভবিষ্যতে আমাদের নজর’।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এবিএম গোলাম মোস্তফা বলেন, ‘এশিয়ান ফেস্টিভ্যাল কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; এটি আমাদের ঐতিহ্য রক্ষা, তরুণ প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং ফ্লোরিডায় এশিয়ান কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার এক বিশাল প্ল্যাটফর্ম। ২০২৬ সালের উৎসবটি এ যাবতকালের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন হতে যাচ্ছে।’

এবিএম গোলাম মোস্তফার সঞ্চালনা ও ধারাবর্ণনায় অনুষ্ঠানে তিন মিনিটের একটি বিশেষ ডিজিটাল ভিডিওচিত্রের মাধ্যমে এবারের উৎসবের সার্বিক পরিকল্পনা তুলে ধরা হয়। উৎসবে দেশি ও বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনের জন্য ট্রেড ফেয়ার ও বিজনেস এক্সপো, বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, এশীয় রন্ধনশিল্পের বৈচিত্র্যময় খাবার নিয়ে ফুড ফেস্টিভ্যাল এবং শিক্ষা, ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা দেওয়ার উদ্যোগ রাখা হয়েছে।
অনুষ্ঠানে ‘নারী ফ্লোরিডা’, ‘মায়ামি বৈশাখী মেলা’, ‘একতারা ফ্লোরিডা’, ‘বাংলা ক্লাব অব ফ্লোরিডা’ ও ‘ঢাকা ক্লাব অব ফ্লোরিডা’সহ বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থেকে আয়োজনটি সফল করতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ হারুন, মো. হাবিবুল্লাহ, মোহাম্মদ শাহেদ, রেজা ইসলাম, মোহাম্মদ খোরশেদ, অসীম রয়, তানভীর আহমেদ, আজম হাকিম, মোরশেদ কালাম, রাশেদ কালাম, মোহাম্মদ জাকারিয়া জিতু, মোলশারী খানম, শামসুন্নাহার, তৌহিদুল আলম টিটু, রাশিদ চৌধুরী টিটু ও আবু নাসের শুভেচ্ছা বক্তব্য দেন।
সম্মানিত অতিথিদের মধ্যে কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল ওয়াহেদ মাহফুজ, আতিকুর রহমান আতিক, ড. সালাউদ্দিন আহমেদ, ইমতিয়াজ আহমেদ, ব্রাওয়ার্ড কাউন্টির সাবেক মেয়র ডেল হোলনেস, মঞ্জুর শাহিন ও কোবির চৌধুরীসহ আরও অনেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৮০ সদস্যের পূর্ণাঙ্গ ‘এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ কমিটি’ ঘোষণা করা হয়। নবনিযুক্ত ফেস্টিভ্যাল কমিটির প্রধান সমন্বয়ক টিটন মালিক ও সমন্বয়ক ইমন করিম আগামী ২৬ ও ২৭ ডিসেম্বরের এই আয়োজনে সকল প্রবাসী ও শুভানুধ্যায়ীকে সপরিবারে উপস্থিত থাকার আহ্বান জানান।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন মোহাম্মদ কে. জামান বাবু, শিশুশিল্পী ত্রিদিব ও রোজিনা করিম। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা নৈশভোজে অংশ নেন।
এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ সম্পর্কিত তথ্যের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সঙ্গে ৭৫৪-২৪৬-২৮০১ নম্বরে যোগাযোগ করা যাবে। ইমেইল ঠিকানা asianfair.fl@gmail.com। উৎসবের ওয়েবসাইট www.asianfair.org।� আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসের চার্লস এফ ডজ সিটি সেন্টারে অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান ফেস্টিভ্যাল।

