মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিরোনাম

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩, জাতিসংঘকর্মীও আছেন

মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

প্রিন্ট করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) এক কর্মীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২৩ নভেম্বর) ইউএনআরডব্লিউএ ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ও রয়টার্স।

নিহত ইউএনআরডব্লিউএর কর্মীর নাম আদেল আল-হেলো। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থীশিবিরে একটি পানির কূপের কাছে দায়িত্ব পালনকালে ইসরাইলি হামলায় তিনি নিহত হন। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সংস্থাটির এক মুখপাত্র জানান, পানির কূপ পরিচালনার নিয়মিত কাজের অংশ হিসেবে কর্মীরা সেখানে অবস্থান করছিলেন।

একই দিন পরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে আরও দুজন নিহত এবং কয়েকজন আহত হন। এসব হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরাইলি সামরিক বাহিনী।

২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে পাঁচ ইসরাইলি সেনাও নিহত হয়েছেন।

এদিকে, গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরাইলি হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। মাগাজি পৌরসভার মেয়র মোহাম্মদ মুসলেহ জানিয়েছেন, এক মাসেরও কম সময়ে ওই এলাকায় ৫০০টির বেশি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে। তাঁর অভিযোগ, ফিলিস্তিনিদের ধীরে ধীরে বাস্তুচ্যুত করার পরিকল্পনার অংশ হিসেবে এসব বাড়িঘর ধ্বংস করা হচ্ছে।