রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পালটাপালটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।
শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা।
রোস্তভের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। এ ছাড়া সামারা অঞ্চলের অপরিশোধিত তেল পরিবহন ও সংরক্ষণকেন্দ্র এলপিডিএস সামারা এবং বাশকোর্তোস্তানের এলপিডিএস নুরলিনো তেল পাইপলাইন পাম্পিং স্টেশনেও হামলা চালানো হয়।
অন্যদিকে, শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, হামলার কারণে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হতে পারে। এদিন সকালে বিমান হামলার সতর্কতার মধ্যে শহরটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র ও কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এ ছাড়া কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজেও হামলার দাবি করেছে মস্কো।
ইউক্রেনে নিহত ১০
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। এ ছাড়া রাজধানী কিয়েভে রুশ হামলায় এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন।
অন্যদিকে, রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া এলাকায় একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক নার্স ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ-সমর্থিত স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে হাসপাতালটির প্রধান চিকিৎসকও রয়েছেন।
জাপোরিঝঝিয়ার ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান, গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে ৭০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এসব হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো।
এক রাতে ১ হাজার ২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ধ্বংসের ঘটনা বিরল বলে দাবি মস্কোর।
তবে ইউক্রেন মোট কতটি ড্রোন নিক্ষেপ করেছিল কিংবা কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রাশিয়া।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানী মস্কোর দিকে আসা ১২৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের বিস্তৃত অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন আসার খবর পাওয়া গেছে। এর অধিকাংশই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

