আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১০ জন। হতাহতদের অধিকাংশই শিশু। শনিবার (২৮ নভেম্বর) প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, স্কুলের পাশে থাকা একটি বিস্ফোরক সংরক্ষণাগারে অসতর্কতার কারণে বিস্ফোরণটি ঘটেছে। সেখানে খননকাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিস্ফোরক মজুত রাখা হতো। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক বায়ান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলার কারণেই স্কুলটির কাছে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে আসাদাবাদের উপকণ্ঠের আন্দার সের এলাকায় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে। শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ধুলায় ঢাকা শিশুদের স্কুলব্যাগ। উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙা কাচ, দেয়াল ও ছাদের ধ্বংসাবশেষের আঘাতে অনেক শিশু আহত হয়েছে। কয়েকজন ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়ে।
স্কুলের পাশের বাড়িতে থাকা নূর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে তিনি ধুলার মধ্যে ছুটে যান। ওই স্কুলে তার পরিবারের শিশুরাও পড়ত। একটি কক্ষ থেকে চিৎকার ও কান্নার শব্দ শুনে সেখানে গিয়ে নিজের ভাগনির হাত দেখতে পান। পরে ইট সরিয়ে তাকে ও অন্য আহতদের উদ্ধার করেন।
বিস্ফোরণে আহত ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হাজি সুলাইমান জানান, বিস্ফোরণের পর চারদিকে কাঠের টুকরা ও মানুষের শরীরের অংশ ছড়িয়ে পড়তে দেখেন। স্কুলে গিয়ে কয়েকটি শিশুকে মৃত এবং অনেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ভবনের ছাদ ও দেয়ালের বড় অংশ ধসে গিয়েছিল।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, কুনার প্রদেশের স্কুলের কাছে বিস্ফোরণে বহু শিশুর হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা দিতে এবং ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর প্রয়োজন নিরূপণে সংস্থাটি সহযোগিতা করছে।
এর আগে গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল প্রাঙ্গণে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

