মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পর ইরানের কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, বাহরাইনে তাদের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে আইআরজিসির দাবি, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে তারা।
এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের কয়েকটি স্থানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। তবে এতে কোনো আবাসিক বা বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে দেশটি।
এদিকে, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়েছে মিশর। দুই দেশের সরাসরি পালটাপালটি হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

