মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পালটাপালটি হামলায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে। ইরানের ড্রোন হামলার মুখে পড়েছে কুয়েত ও বাহরাইন। এর জবাবে ইরানের কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটির বিভিন্ন স্থানে ড্রোন হামলা প্রতিহত করছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। অন্যদিকে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের দাবি, সব ড্রোন প্রতিহত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে কেশম দ্বীপে মার্কিন হামলায় কোনো আবাসিক বা বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে।
এর মধ্যে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে চলাচল করে। ফলে জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।
অন্যদিকে সংঘাত নিরসনে ওমানের রাজধানী মাসকাটে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করেছেন। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট পৌঁছেছে। সব মিলিয়ে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে।

