শুক্রবার, ২৮ আগষ্ট ২০২৬

শিরোনাম

গৃহবধূকে ধর্ষণ: সাবেক ছাত্রদল নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রবিবার, মে ২৪, ২০২৬

প্রিন্ট করুন

শেরপুর শহরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনামুল মিয়া নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার রাত ৯টার অভিযুক্ত যুবক ও সাবেক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভও করেছেন এলাকাবাসী।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে সেখানে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে জানা যায়, শনিবার দুপুরে গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে পুলিশে দেয়।

এদিকে এনামুলের পরিবারের দাবি ঘটনা সাজানো। ওই নারী এভাবে আরও কয়েক জনের নামে মামলা করে টাকা আদায় করেছে।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, শনিবার রাতে জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে রবিবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত এনামুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।