মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শিরোনাম

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

প্রিন্ট করুন

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণের বিকল্প ব্যবস্থায় যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সহায়তাপ্রাপ্ত জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা জোরদারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি দাবি করেছেন, এ ব্যবস্থায় যুক্ত পাঁচ থেকে ছয়টি জাহাজে প্রতি রাতে হামলা চালানো হচ্ছে।

সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও আমিরাতের সামরিক বাহিনীর সহায়তায় ছোট জাহাজ থেকে বড় ট্যাংকারে তেল স্থানান্তর করা হচ্ছে। পরে এসব ট্যাংকার ওমান উপসাগর দিয়ে হরমুজ প্রণালির বাইরে চলে যায়। ইরান এ ব্যবস্থাকে তেল চোরাচালান হিসেবে উল্লেখ করেছে।

রেজায়ি বলেন, “প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, আমরাই এটি পরিচালনা করি।” একই সঙ্গে ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোয় আবার হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সংযুক্ত আরব আমিরাত ও হরমুজের আশপাশে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট যোগাযোগ কেবল, তথ্যকেন্দ্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় হামলার হুমকিও দিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, রোববার রাত থেকে সোমবারের মধ্যে এ ব্যবস্থায় যুক্ত একাধিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে হরমুজ প্রণালি থেকে বেরিয়ে যাওয়া দুটি ট্যাংকার ও ওমানের সোহার বন্দরের কাছে নোঙর করা একটি জাহাজ রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এ নৌপথ দিয়ে পরিবহণ করা হতো।