রবিবার, ০৩ মে ২০২৬

শিরোনাম

দেশে পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি

রবিবার, মে ৩, ২০২৬

প্রিন্ট করুন

আগামী ঈদুল আজহায় পশুর সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘এবারের ঈদুল আজহায় মোট পশুর চাহিদা ১ কোটির কিছু বেশি। খামারিদের কাছে গরু, ভেড়া ও ছাগল ১ কোটির বেশি উৎপাদন আছে। ফলে সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

চাহিদার তুলনায় এ বছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।

আজ রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। ঈদ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সীমান্ত দিয়ে কোরবানির পশু যাতে অবৈধভাবে দেশে ঢুকতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারি করবে বলেও জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী।

তিনি বলেন, ‘সীমান্তে বিজিবি, পুলিশসহ কঠোর নজরদারি করা হবে। কোনো অনুপ্রবেশ বরদাশত করা হবে না।’
প্রজাতিভিত্তিক হিসাব তুলে ধরে তিনি বলেন, ‘দেশে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এ ছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি।

উট ও দুম্বাজাতীয় প্রাণীর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘সারা দেশে ৩ হাজার ৬০০-এর বেশি হাট বসবে। রাজধানী ঢাকায় এবার ২৬টি অস্থায়ী পশুর হাট বসবে।’

কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, হাট এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর থাকবে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে।