বুধবার, ০৬ মে ২০২৬

শিরোনাম

পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার, মে ৬, ২০২৬

প্রিন্ট করুন

পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি ধারণা করছেন, এমন কিছু ঘটবে না।

আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি জয় লাভ করেছে। আমরা দেখতে পেয়েছি বিজেপির নেতারা নির্বাচনের আগেই সে দেশের মুসলিমদের বাংলাদেশ পুশ-ইন করার ঘোষণা দিয়েছিল। তাদের জয়ের পর বাংলাদেশে পুশব্যাক বাড়তে পারে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গতকালকেই বিজিবিকে নির্দেশ দিয়েছি, যাতে সীমান্তে তারা একটু সতর্ক থাকে। কারণ সেরকম কোনো সম্ভবনা দেখি না, যদি হয় যাতে তারা এড্রেস করতে পারে।

আমার ধারণা সেরকম কিছু ঘটবে না।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাই করে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা দায়ের করেছে অন্তর্বর্তী সরকার, সেসবও যাচাই-বাছাই করা হবে।’

আওয়ামী লীগের আমলে যেসব গায়েবি মামলা করা হয়েছিল, সেসব মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।