জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের এমপি ৫০০ কোটি টাকা অফার দিয়েছিল বলে দাবি করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, ফ্যাসিবাদী আন্দোলনের সময় আমাদের বড় ভাইয়েরা যখন ডিবি অফিসে ছিল, তখন আন্দোলন থামিয়ে দিতে শেখ হাসিনার এমপির মাধ্যমে আমাদের প্রত্যেককে ৫০০ কোটি টাকা অফার দেওয়া হয়েছিল।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন তিনি।
রিফাত রশিদ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার জন্য সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করে অর্থ আত্মসাতের অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম ব্যবহার করে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাতে সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করে অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি অডিট ফার্মের মাধ্যমে ওই অর্থ খরচের বিষয়ে অটিড করা হয় এবং বাংলাদেশ ব্যাংক এটি গ্রহণ করে। তাই অসত্য অভিযোগ আনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, আমাদের কাছে সম্পূর্ণ অর্থের হিসাব রয়েছে। ক্যাম্পেইনে খরচ করার পর আমরা বাংলাদেশ ব্যাংকের অডিট ফার্ম দিয়ে পুরো কার্যক্রমের অডিট পরিচালনা করেছি। পরবর্তীতে সেই অডিট আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থাপন করেছি এবং তারা সেটি গ্রহণ করেছে। এখানে অর্থ আত্মসাতের মতো কোনো বিষয় থাকলে বাংলাদেশ ব্যাংক এতদিন চুপ থাকত না।

