বুক জ্বালাপোড়া বা গলা জ্বলা (হার্টবার্ন) আমাদের আশপাশে খুব পরিচিত একটি সমস্যা। অনেকেই এটিকে প্রথমে তেমন গুরুত্ব দেন না, কিন্তু দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগলে তা হজমজনিত জটিলতার পাশাপাশি গুরুতর রোগের ঝুঁকি বাড়াতে পারে। সাধারণত খাবার পরপরই বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে এই সমস্যা দেখা দেয়। তবে জীবনযাপনে কয়েকটি সহজ পরিবর্তন আনলে বুক জ্বালাপোড়া অনেকাংশে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
বুক বা গলা জ্বালাপোড়া কমাতে কার্যকারী যে অভ্যাস গুলো-

১. অতিরিক্ত চা ও কফি পরিহার করুন
চা ও কফি অনেকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বিশেষজ্ঞদের মতে, চা বা কফিতে থাকা ক্যাফেইন পাকস্থলীর এসিড উৎপাদনকে বাড়িয়ে দেয়। প্রতিদিন কয়েক কাপের বেশি চা-কফি খেলে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, যা বুক জ্বালাপোড়ার প্রধান কারণ। এছাড়া অতিরিক্ত ক্যাফেইন শরীরকে পানিশূন্য করে তোলে এবং অনিদ্রা, মাথাব্যথা ও দুর্বলতা বাড়াতে পারে। তাই সীমিত পরিমাণে চা-কফি পান করাই উত্তম।
২. দ্রুত খাবার খাওয়ার অভ্যাস বাদ দিন

অনেকেই ব্যস্ততার কারণে খুব দ্রুত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলেন। কিন্তু দ্রুত খেলে খাবার ভালোভাবে চিবানো হয় না, ফলে খাবার ঠিকমতো হজম হয় না। এর প্রভাব পড়ে হজম প্রক্রিয়ার ওপর, সৃষ্টি হয় অ্যাসিডিটি, গ্যাস ও পেট ফাঁপার সমস্যা। ধীরে সুস্থে খাওয়া, প্রতিটি লোকমা ভালোভাবে চিবানো শুধু হজম সহজ করে না, বরং শরীরকে খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণের সুযোগও দেয়।
৩. মশলাদার ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন

অতিরিক্ত মশলা বা তেল-চর্বিযুক্ত খাবার পাকস্থলীর এসিড রিফ্লাক্সকে আরও বাড়িয়ে তোলে। ফাস্টফুড, ভাজাপোড়া ও অতিরিক্ত ঝাল খাবার নিয়মিত খেলে শুধু বুক জ্বালাপোড়া নয়, দীর্ঘমেয়াদে স্থূলতা ও ডায়াবেটিসের মতো রোগও দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন বাড়ির স্বাস্থ্যকর খাবারের প্রতি ঝুঁকতে এবং বাইরের অতিরিক্ত মশলাদার খাবার সীমিত করতে।
৪. খাওয়ার পরপরই বিশ্রামে না যাওয়া
অনেকে খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়েন বা দীর্ঘসময় বসে থাকেন। এটি হজমের প্রক্রিয়াকে ব্যাহত করে এবং এসিড পাকস্থলীর উপরের দিকে উঠে এসে বুক জ্বালাপোড়া তৈরি করে। তাই খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পর্যন্ত শুয়ে না পড়াই ভালো। বরং হালকা হাঁটা হজমে সহায়তা করে এবং বুক জ্বালার ঝুঁকি কমায়।
শেষ কথা
বুক জ্বালাপোড়া হয়তো সাধারণ একটি সমস্যা মনে হতে পারে, কিন্তু বারবার হলে তা জীবনযাত্রার মান নষ্ট করে দেয়। তাই সচেতনভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, চা-কফি পরিমিত গ্রহণ, ধীরে ধীরে খাওয়া, তৈলাক্ত-ঝাল খাবার এড়িয়ে চলা এবং খাওয়ার পর হালকা হাঁটার মতো অভ্যাস গড়ে তুলুন। ছোট ছোট এই পরিবর্তনগুলো আপনাকে অস্বস্তিকর বুক জ্বালাপোড়া থেকে মুক্তি দেবে এবং সামগ্রিকভাবে সুস্থ জীবনযাপনে সাহায্য করবে।

