সোমবার, ০৮ জুন ২০২৬

শিরোনাম

ইসরাইলের দুই বিমানঘাঁটিতে হামলা আইআরজিসির

সোমবার, জুন ৮, ২০২৬

প্রিন্ট করুন

ইসরাইলের দুটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।

সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসি জানায়, কিছু আগেই এসব হামলা চালানো হয়।

আইআরজিসি বলছে, ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরাইল হামলা চালিয়েছে। এর জবাবে তারা এই হামলা চালিয়েছে।

ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। লেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলার পরে দু’দেশ আবারো সংঘাতে জড়িয়ে পড়ে।

রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।

ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।