ইসরাইলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তবর্তী একটি বনাঞ্চলে অবিস্ফোরিত ক্লাস্টার বোমা বিস্ফোরণে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২৪ শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
সোমবার (১২ অক্টোবর) শিক্ষাসফরের সময় ১৩ বছর বয়সি নবম শ্রেণির এক শিক্ষার্থী মাটিতে পড়ে থাকা বোমার অংশ তুলে নিলে সেটি বিস্ফোরিত হয়। দীর্ঘদিনের সংঘাতের কারণে ইসরাইলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত অস্ত্র এখনো বেসামরিক মানুষের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে।
ইসরাইল পুলিশের কমিশনার ড্যানি লেভি জানান, শিক্ষাসফরটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল। অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সফরের অনুমোদিত পথটি নিষিদ্ধ এলাকার মধ্যে ছিল না এবং শিক্ষার্থীদের অবিস্ফোরিত অস্ত্র স্পর্শ না করার বিষয়ে নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছিল।

