ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য কারাকাসে চালানো মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে সৈন্য এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন।
ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রোববার (৪ জানুয়ারি) নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনীর অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি ‘বড় অংশ’ নিহত হয়েছেন। তবে কোনো সংখ্যা উল্লেখ করেননি। ভেনেজুয়েলার কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলা চালানোর অভিযোগও করেছেন, তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেননি।
এদিকে, কিউবার কর্মকর্তারা বলছেন যে, এই হামলায় সামরিক কর্মীসহ তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল ঘোষণা করেছেন, ‘৫ এবং ৬ জানুয়ারী সরকারি শোক দিবস হিসেবে পালন করা হবে।’
তিনি বলেন, ‘আমাদের স্বদেশীরা মর্যাদা ও বীরত্বের সাথে তাদের কর্তব্য পালন করেছে এবং তীব্র প্রতিরোধের পর, আক্রমণকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অথবা বোমা হামলার ফলে নিহত হয়েছেন। তিনি বলেন।
এদিকে, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো সহযোগিতা ও প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গকারী নিহত কিউবানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, একইসঙ্গে মার্কিন অভিযানকে ‘অপরাধমূলক এবং কুখ্যাত’ আক্রমণ হিসাবে বর্ণনা করেছেন।

