বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি, জাপানি ও কোরিয়ান ভাষা শেখার সুযোগ বাড়াতে পারলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরো প্রসারিত হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ শুক্রবার সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণ করতে আমাদের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শুধু সাধারণ শ্রমিক হিসেবে নয়, প্রশিক্ষিত ও দক্ষ কর্মী হিসেবেই বিদেশে যেতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। বিশেষ করে জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি জানান, জেলা পরিষদের মাধ্যমে উপজেলাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা গেলে স্থানীয় তরুণরা সহজেই দক্ষতা অর্জন করতে পারবে। এই ক্ষেত্রে প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

