সিলেট নগরে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে ইমন আচার্য নামে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা দেড়টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার সকালে নগরের তোপখানা এলাকায় পুলিশের অভিযানে তিনি ছুরিকাঘাতের শিকার হন।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘শুক্রবার সকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিল। এ সময় সাদা পোশাকে র্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন।
ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর পুলিশ ওই ছিনতাইকারীকে আটক করেছে বলে জানান তিনি।

