ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে চলন্ত একটি বাসে আগুন লেগে অন্তত সাত যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশের অধীনস্থ জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ আসনের বাসটি লাম ডং প্রদেশ থেকে বাণিজ্যিক নগরী হো চি মিন সিটির দিকে যাচ্ছিল। পথে হঠাৎ বাসটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

