ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালিসংলগ্ন এসব এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে হরমুজ প্রণালিতে দেশটির সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে। তবে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কেশম দ্বীপের বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই বলে একটি সূত্র দাবি করেছে।
এদিকে রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। জাহাজ দুটি অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করছিল বলে দাবি তাদের। তবে বিস্ফোরণ ও জাহাজে আগুন লাগার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এর কয়েক দিন আগে কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। মার্কিন এক কর্মকর্তা ওই হামলাকে সীমিত পরিসরের বলে উল্লেখ করেন।

