ইসরাইলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। গত সপ্তাহের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে বেশি সংসদ সদস্যের সমর্থন পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি ও তার মিত্ররা পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকটের মধ্যপন্থি ইশার পার্টি ও তার জোটের আসনসংখ্যা ৪৮। এ ছাড়া দুটি আরব জোট রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৬৭ জন আইজেনকটকে এবং ৪৬ জন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন। ফলে সরকার গঠনের প্রথম সুযোগ পেয়েছেন সাবেক এই সেনাপ্রধান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, ‘এখন সময় এসেছে একটি জাতীয় জরুরি সরকার গঠনের। জনগণের বিশ্বাসের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি সবটুকু করার চেষ্টা করব।’
সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো হতে পারে। সরকার গঠনে তাকে আরব দলগুলোর সমর্থন অথবা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে।
উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরাইলে রাজনৈতিক অস্থিরতার কারণে তিন বছরে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবারও স্থিতিশীল সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

