পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর ঐতিহাসিক পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে শহরের প্রধান মার্কেট এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি দেশটির অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, একটি গাড়িতে থাকা হামলাকারীরা স্লাভকোভস্কা স্ট্রিট দিয়ে প্রধান চত্বরের দিকে যাওয়ার সময় আশপাশের লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি দোকান ও একটি ট্রাম ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেওয়ার জন্য সেখানে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারও অবতরণ করে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, পুলিশ হামলার ঘটনা তদন্ত করছে। তবে হামলাকারীদের পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

