রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

শিরোনাম

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট, চাপে নেতানিয়াহু

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

প্রিন্ট করুন

ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকটকে দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্যদের কাছ থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে বেশি সমর্থন পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী রোববার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে ৬৭ জন সংসদ সদস্য আইজেনকটকে এবং ৪৬ জন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন। বাকি সাতজন কোনো পক্ষের প্রতি সমর্থন জানাননি।

প্রেসিডেন্ট হারজগ বলেন, ‘আলোচনার ফলাফল দেখে বিষয়টি পরিষ্কার মনে হতে পারে। কিন্তু আইন অনুযায়ী, সরকার গঠনের সক্ষমতা কার রয়েছে, তা নির্ধারণের দায়িত্ব আমার।’

সরকার গঠনে আরব সংখ্যাগরিষ্ঠ দুটি রাজনৈতিক জোটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনে দল দুটি মোট ১৯টি আসন পেয়েছে এবং আইজেনকটকে সমর্থনের কথা জানিয়েছে। তবে তার জোটের ডানপন্থি শরিক দল ইসরাইল বেইতেনু আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল সরকারে যোগ দিতে আপত্তি জানিয়েছে।

এদিকে, ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। যুদ্ধের কারণে ইসরাইলের রিজার্ভ সেনাদের বারবার দায়িত্ব পালন করতে হওয়ায় বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে। নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩ এবং আইজেনকটের বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮। ফলে সরকার গঠনের লড়াইয়ে আরব দলগুলোর সমর্থন ও রাজনৈতিক সমঝোতাই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।