ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও এক দম্পতি রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা কবরস্থানের কাছে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত ও অপর একজন আহত হন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের আল-কুসাইস এলাকায় ড্রোন হামলায় আহত আরেক ফিলিস্তিনি পরে মারা যান।
এ ছাড়া গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেইতুন এলাকায় দখলবার বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। মধ্য গাজার ওয়াদি গাজা এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারায় এক শিশু।
গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় এক দম্পতি নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আল-শিফা হাসপাতালের কাছে ওই পরিবারের বাড়ি লক্ষ্য করে ইসরাইলি হেলিকপ্টার থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে দম্পতি নিহত হন এবং অন্যরা আহত হন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলের হামলায় এ পর্যন্ত ১ হাজার ৫২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৪২১ জন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

