মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

শিরোনাম

আর্জেন্টিনা ভক্ত হয়েও মিশরের জয় চান অভিনেত্রী বর্ষা

মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

প্রিন্ট করুন

ফুটবলে বরাবরই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। চলতি বিশ্বকাপেও প্রিয় দলের প্রতিটি ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন তিনি। তবে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভিন্ন এক বার্তায় চমকে দিয়েছেন এই অভিনেত্রী। আর্জেন্টিনার সমর্থক হয়েও এবার তিনি মিশরের জয়ের প্রত্যাশা করেছেন।

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটির আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বর্ষা জানান, এই ম্যাচে আর্জেন্টিনা হারলেও তার কষ্ট লাগবে না।

পোস্টে তিনি লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’

বর্ষার এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেক অনুসারী তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আবার অনেকে মনে করছেন, খেলাধুলার সঙ্গে ধর্মীয় বিষয়কে যুক্ত করা ঠিক নয় এবং ফুটবলকে শুধুই খেলা হিসেবে দেখাই উচিত।

উল্লেখ্য, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় আফিয়া নুসরাত বর্ষার। বেশির ভাগ সময়ই তিনি স্বামী, ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত সিনেমায় কাজ করেছেন। গত বছর অভিনয় ছেড়ে ইসলামের পথে জীবনযাপনের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে হাতে থাকা কাজগুলো শেষ করার কথা জানান। এ বছরও তারা একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। এছাড়া শিগগিরই ‘কিল হিম ২’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।