বৃহস্পতিবার, ০৬ আগষ্ট ২০২৬

শিরোনাম

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই’র বিক্ষোভ আজ

বুধবার, আগস্ট ৫, ২০২৬

প্রিন্ট করুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আজ বুধবার (৫ আগস্ট) দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। ২০২৩ সালের এইদিনে তাকে গ্রেফতার করা হয়। আজকের এই কর্মসূচির মূল সমাবেশ হবে পেশাওয়ারে।

পিটিআইর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম সংবাদমাধ্যম দ্য ডনকে জানান, পেশাওয়ারে বড় জনসভা হবে। আর অন্য তিনটি প্রদেশে দলীয় আঞ্চলিক ও স্থানীয় নেতারা নিজেদের সুবিধামতো বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

তিনি বলেন, বিশেষ করে পাঞ্জাবে পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান ও ধরপাকড় চালানো হচ্ছে। তবে বিক্ষোভ হলেও কোনো ধরনের সহিংসতা হবে না।

তার ভাষায়, ‘পিটিআইতে সহিংসতার কোনো স্থান নেই।’

শেখ ওয়াকাস আকরাম আরও বলেন, গত ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে যারা পিটিআইকে ভোট দিয়েছেন, তারা যেন ঘর থেকে বের হয়ে ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি দেশবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নিয়ে গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন এবং জনগণের ভোটাধিকারের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানান।

এদিকে মঙ্গলবার ইমরান খানের বোনেরা এবং পিটিআইর আইনজীবীরা আদিয়ালা কারাগারে গেলেও তাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

ইমরানের বোন আলিমা খান জানান, তার ভাইয়ের মুক্তির আন্দোলন এরইমধ্যে শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আজকের সমাবেশে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

পিটিআইর আইনজীবী অ্যাডভোকেট আওয়াইস ইউনুস চৌধুরীও জানান, আইনজীবীরা কারাগারে গেলেও ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি।

পেশাওয়ারে সমাবেশ

পিটিআইর খাইবার পাখতুনখোয়া শাখা আজ পেশাওয়ারের মোটরওয়ের কাছে একটি বড় সমাবেশ করবে। এতে দলের প্রাদেশিক সভাপতি ও সংসদ সদস্য জুনায়েদ আকবর খান, মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

দলের প্রাদেশিক উপ-তথ্য সম্পাদক ইকরাম খাট্টানা জানান, এই সমাবেশ থেকেই ইমরান খানের মুক্তি আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

করাচিতে বিক্ষোভ ঘিরে শঙ্কা

করাচিতেও আজ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করার পরিকল্পনা করেছে পিটিআই। তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের আশঙ্কা করছে দলটি।

পিটিআই করাচি সভাপতি রাজা আজহার জানান, বিক্ষোভের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি। এতে আশঙ্কা তৈরি হয়েছে যে, প্রশাসন আগের মতো সড়ক বন্ধ করে সমাবেশে বাধা দিতে পারে।

রাওয়ালপিন্ডিতে অনুমতি মেলেনি

রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে জনসভা করার জন্য পিটিআই যে আবেদন করেছিল, তা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জেলা প্রশাসন প্রত্যাখ্যান করেছে।

তবে দলটি জানিয়েছে, তারা লিয়াকত বাগ, মুর্রি রোডসহ শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করবে।

পিটিআইর অভিযোগ, জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের অন্তত নয়জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।

জেলা সভাপতি চৌধুরী আমির আফজাল জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রশাসক জানান, ৫ আগস্ট ‘ইয়াওম-ই-ইস্তেহসাল-ই-কাশ্মীর’ পালনের কারণে জেলা গোয়েন্দা কমিটি জনসভার অনুমতি দেয়নি।

বৈঠক শেষে চৌধুরী আমির আফজাল বলেন, ‘আমাদের সামনে রাজপথে নামা ছাড়া আর কোনো পথ নেই। ইমরান খানের মুক্তির দাবিতে লিয়াকত বাগ, মুর্রি রোডসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’