ইরানের বন্দরগুলোতে দেওয়া মার্কিন নৌ অবরোধ দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। খবর আল জাজিরার
বেসেন্ট দাবি করেন, গত ১৪ দিনে যুক্তরাষ্ট্র উপসাগর দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহণে সহায়তা করেছে, অথচ ইরান কোনো তেল পরিবহণ করতে পারেনি।
তিনি লেখেন, ‘নৌ অবরোধ এবং ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ইরানের দুর্বল অর্থনীতিকে ধ্বংস করে দেবে।’
বেসেন্ট আরও বলেন, ‘গত ১৪ দিনে যুক্তরাষ্ট্র ১৩ কোটি ব্যারেল তেল বাইরে পাঠাতে সহায়তা করেছে। ইরান: শূন্য।’
তার এই বক্তব্যের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থানই স্পষ্ট হয়েছে।
অন্যদিকে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০-এর গুরুত্বপূর্ণ বৈঠকে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে মিত্র ও অংশীদার দেশগুলোর ওপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ বিষয়ে জি-২০ সদস্যদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, আগামী সোমবার ও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার পাহাড়ি শহর অ্যাশভিলে জি-২০-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বৈঠকে বসবেন। জি-২০ এর মন্ত্রী পর্যায়ের আসন্ন বৈঠকগুলোর মধ্যে এটিই প্রথম। এসব বৈঠকের মাধ্যমে আগামী ডিসেম্বরে ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।
মার্কিন ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইরানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে জি-২০ সদস্যদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে চলার গুরুত্ব তুলে ধরবেন মার্কিন কর্মকর্তারা।

