লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে লেবানন। সোমবার লেবাননের এ ঘোষণা চলতি সংঘাতে উত্তেজনা সীমিত মাত্রায় হলেও প্রশমনের একটি পদক্ষেপ। সাম্প্রতিক এ সংঘাতে হাজারের বেশি লেবাননি নিহত হয়েছেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধ লেবানন পরিস্থিতিকে আরও উসকে দিয়েছে।
ওয়াশিংটনে লেবাননের দূতাবাসের তথ্য অনুযায়ী, এ যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দেশটিতে চলমান সংঘাতের পুরোপুরি অবসান হবে না। তবে এতে ইসরাইলকে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুত ও এর শহরতলিতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলের ওপর তাদের হামলা বন্ধ রাখবে।
আংশিক যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে প্রথম ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট কখনো সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে কথা বলেননি। যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
ট্রাম্প আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতে হামলার প্রস্তুতিতে থাকা যে কোনো সেনা বা আক্রমণাত্মক তৎপরতা গুটিয়ে নিতে সম্মত হয়েছেন।
তবে ট্রাম্পের ঘোষণার পর নেতানিয়াহু বলেন, ইসরাইল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখবে। সেখানে স্থলবাহিনী (ইসরাইল) জাহারানি নদীর দিকে অগ্রসর হচ্ছে, যা গত ২৫ বছরের মধ্যে লেবাননের সবচেয়ে গভীরে ইসরাইলের অনুপ্রবেশ।
লেবাননের পার্লামেন্ট সদস্য হিজবুল্লাহ নেতা হাসান ফাদলাল্লাহ বলেন, মিলিশিয়া গোষ্ঠীটি ইসরাইলি সেনা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে লেবাননে পূর্ণ যুদ্ধবিরতিকে সমর্থন করবে। তবে হিজবুল্লাহ ইসরাইলের ভূখণ্ডে হামলা বন্ধ করবে কিনা, তা তিনি জানাননি।
লেবানন বলেছে, আগামীকাল বুধবার ওয়াশিংটনে ইসরাইলের সঙ্গে আলোচনায় তারা যুদ্ধবিরতি সম্প্রসারণের চেষ্টা করবে।
লেবাননের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহর উপকণ্ঠে ইসরাইলি সেনারা
গত ২ মার্চ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করে ইসরাইল।
ইরান যুদ্ধ অবসানের যেকোনো চুক্তির শর্ত হিসেবে তেহরান লেবাননে ইসরাইলি হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, দুটি সংঘাত আলাদা।
এ বিষয়ে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিঃসন্দেহে সব ফ্রন্টেই যুদ্ধবিরতি, যার মধ্যে লেবাননও রয়েছে।’

