রবিবার, ১৭ মে ২০২৬

শিরোনাম

দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

রবিবার, মে ১৭, ২০২৬

প্রিন্ট করুন

ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ২২ মে পর্যন্ত রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ছত্তিশগড় এবং কঙ্কণ ও গোয়ার কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আইএমডির ব্যাখ্যা অনুযায়ী, সমতল অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে এবং তা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৪ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ ধরা হয়। আর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ দশমিক ৪ ডিগ্রির বেশি বেড়ে গেলে সেটিকে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও তা তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী তিন দিনে দিল্লির তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রোববার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের শেষ দিকে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে, যা দমকা আকারে ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

তবে এরপর আকাশ পরিষ্কার হয়ে গেলে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। একই সঙ্গে রাতের গরমও বাড়বে, ফলে স্বস্তি মিলবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বাড়ছে। পশ্চিম হিমালয় অঞ্চলেও তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা এবং দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ–এর কিছু অংশে বজ্রঝড়, বিদ্যুৎ চমকানো, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়া উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।