মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিরোনাম

দ. কোরিয়ায় সর্বোচ্চ তাপপ্রবাহে সতর্কতা, জাপানে দাবদাহের সঙ্গে ভারি বৃষ্টির শঙ্কা

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

প্রিন্ট করুন

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের ১৭টি এলাকায় সর্বোচ্চ পর্যায়ের তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। একই সময়ে জাপানে চরম গরমের পাশাপাশি ভারি বৃষ্টি, ভূমিধস ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া প্রশাসন (কেএমএ) সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় দেগু, দক্ষিণ গিয়ংসাং প্রদেশের গিমহে, মিরিয়াং, ইয়াংসান, উইরিয়ং, জিনজু ও চ্যাংওয়ানসহ নয়টি এলাকা, উত্তর গিয়ংসাং প্রদেশের গিয়ংসান, পোহাং ও গিয়ংজুসহ ছয়টি এলাকা এবং দক্ষিণ জেওল্লা প্রদেশের গওয়াংইয়াংয়ে সর্বোচ্চ তাপপ্রবাহ সতর্কতা জারি করে।

কর্তৃপক্ষ জানায়, অনুভূত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে এ সতর্কতা জারি করা হয়, যা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।

সোমবার দুপুরের মধ্যে ইয়াংসানে অনুভূত তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি এবং গওয়াংইয়াংয়ে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

এদিকে দক্ষিণ গিয়ংসাং প্রদেশে শনিবার আরও ছয়জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মে থেকে এ পর্যন্ত সেখানে তাপজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। একই সঙ্গে অতিরিক্ত গরমে প্রদেশটিতে ১০ হাজার ৫৯৯টি গবাদিপশু ও পোলট্রি প্রাণীর মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে রোদে না বের হওয়া, কঠোর শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে জাপানের পশ্চিম ও মধ্যাঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকলেও দেশের অন্য অংশে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির ৪৭টি প্রিফেকচারের মধ্যে ২৩টিতে হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা, নদীর পানি বৃদ্ধি, ভূমিধস, বজ্রপাত, দমকা হাওয়া ও টর্নেডোর ঝুঁকির বিষয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ।