দীর্ঘ ২৬ দিন পর অনশন ভেঙেছেন ভারতের সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন। খবর এনডিটিভির
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং, পাশাপাশি ‘অ্যাপেক্স বডি অব লেহ-লাদাখ’র নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন।
তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা বিবেচনা করে আমি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘কী কী শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিস্তারিত ভিডিও বার্তায় জানাব। সবাইকে শান্ত থাকার এবং কোনো ধরনের সহিংসতা এড়ানোর আহ্বান জানাচ্ছি।’
ওয়াংচুকের অনশন ভাঙার পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানান, তার আত্মত্যাগ দেশের মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, ‘সোনমজি চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন এবং দ্রুত আগের মতো সুস্থ হয়ে উঠুন—এটাই আমার প্রার্থনা।’

