‘মাদানি দিহায়াতি, উম্মাহ দিবারকাতি’ প্রতিপাদ্যে মালয়েশিয়াজুড়ে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে ধর্মীয় আলোচনা, দরুদ-সালাম, কোরআন তিলাওয়াত ও শোভাযাত্রায় অংশ নেন হাজারো মুসল্লি।
জাতীয় পর্যায়ে সেলাঙ্গরের সেরডাংয়ে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল অংশ নেন। শোভাযাত্রার বিভিন্ন দলসহ অনুষ্ঠানে ৪ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান, শিক্ষামন্ত্রী দাতুক সেরি ফাদলিনা সিদেক, স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ড. জুলকেফলি আহমাদ, সরকারের প্রধান সচিব তান শ্রী শামসুল আজরি আবু বকর এবং মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগের (জাকিম) মহাপরিচালক দাতুক ড. সিরাজুদ্দিন সুহাইমি উপস্থিত ছিলেন।
বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, ঈদে মিলাদুন্নবী উদযাপন বা শোভাযাত্রার মধ্যেই ইসলামের প্রতি ভালোবাসা সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষা অনুসরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও মানবকল্যাণের বার্তা বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। এ আয়োজন মুসলিমদের মধ্যে চেতনা, সচেতনতা ও আলোকিত মূল্যবোধ গড়ে তোলার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
সেলাঙ্গরে রাজ্য পর্যায়ের আয়োজিত অনুষ্ঠানে সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ অংশ নেন শাহ আলম ইসলামিক লেকচার অ্যান্ড মুজাকারাহ হলে। এতে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুসলিম নারী ও পরিবার-সমাজ উন্নয়নে অবদানের জন্য ৮৪ বছর বয়সি হিন্দন আবদুল্লাহকে ঈদে মিলাদুন্নবী ব্যক্তিত্ব পুরস্কার দেওয়া হয়।
নেগেরি সেমবিলানে ইয়াং দিপেরতুয়ান বেসার নেগেরি সেমবিলান তুয়াংকু মুফরিজ তুয়াংকু মুনাওয়ির ও তুয়াংকু অ্যাম্পুয়ান বেসার তুয়াংকু আয়েশা রোহানি তেংকু বেসার মাহমুদ রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের ৭৪টি দলের প্রায় ৪ হাজার অংশগ্রহণকারীর শোভাযাত্রা হওয়ার কথা থাকলেও টানা ভারি বৃষ্টির কারণে তা বন্ধ হয়ে যায়।
জোহরে বাতু পাহাতে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মেন্তেরি বেসার দাতুক ওন হাফিজ গাজি প্রায় ৫ হাজার মানুষের শোভাযাত্রায় নেতৃত্ব দেন। সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টি দল এক কিলোমিটার পথ অতিক্রম করে বাতু পাহাত জেলা অফিস প্রাঙ্গণ থেকে সুলতান ইসমাইল মসজিদে পৌঁছায়।
তেরেংগানুতে রাজ্যের রিজেন্ট তেংকু মুহাম্মদ ইসমাইল সুলতান মিজান জয়নাল আবিদিন অনুষ্ঠানে অংশ নেন। এতে প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘উম্মাহ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছে কমিউনিটি সংগঠন গং টক নাসেক কেয়ার ও আন্তর্জাতিক মানবিক ফ্লোটিলা মিশনের কর্মী মুহাম্মদ আস্মাউই মুখতার। ইসলামিক লেখক পুরস্কার পেয়েছেন ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদিনের (ইউনিসজা) শিক্ষক অধ্যাপক ড. এংকু আহমাদ জাকি এংকু আলভি।
কেদাহতে সুলতান আল আমিনুল করিম সুলতান সালেহউদ্দিন সুলতান বাদলিশাহ ও রাজা মুদা কেদাহ তেংকু সারাফুদ্দিন বাদলিশাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, রাজকীয় বক্তব্য, বিশেষ ভিডিও প্রদর্শন ও মারহাবান পরিবেশনা অনুষ্ঠিত হয়। ইমাম ব্যক্তিত্ব পুরস্কার পান চে ইসমাইল বাকার এবং বিশেষ পুরস্কার পেয়েছেন কেদাহর সাবেক মুফতি দাতুক পাদুকা শেখ হাসবুল্লাহ আবদুল হালিম।
পেরাকে সুলতান নাজরিন শাহ ও রাজা পেরমাইসুরি তুয়াংকু জারা সালিম ইপোর ক্যাসুয়ারিনা কনভেনশন সেন্টারে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। এতে প্রায় ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসমাউল হুসনা পাঠ, পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত ও সম্মিলিত দরুদ পাঠ করা হয়। প্রবীণ পরিচালক ও অভিনেতা দাতুক রহিম রাজালি ‘জায়েদ বিন সাবিত অ্যাওয়ার্ড’ লাভ করেন।
মেলাকায় প্রায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ১০১টি দল নিয়ে তুন মোহাম্মদ আলি রুস্তাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি বুকিত সেরেন্দিতের তুন ফাতিমাহ স্টেডিয়াম থেকে শুরু হয়ে বুকিত বারুর ইসলামিক সেন্টার স্কয়ারে গিয়ে শেষ হয়।
পেনাংয়ে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে ইয়াং দিপেরতুয়া নেগেরি তুন রামলি নগাহ তালিব ও তার স্ত্রী তোহ পুয়ান রাজা নূরা আশিকিন রাজা আবদুল্লাহ উপস্থিত ছিলেন। সাবেক পেনাং রাজ্য সচিব দাতুক সেরি জুলকিফলি লংকে এ বছরের রাজ্য পর্যায়ের ঈদে মিলাদুন্নবী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও কয়েকজনকে পুরস্কৃত করা হয়। এর আগে ৪৪টি দলের ১ হাজার ৩২০ জন অংশগ্রহণকারী ৩০০ মিটার শোভাযাত্রায় অংশ নেন।
পাহাংয়ে রাজ্যের রিজেন্ট তেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ অনুষ্ঠানে অংশ নেন। সাবেক পাহাং রাজ্য অর্থ কর্মকর্তা দাতুক নরজান আহমাদকে ২০২৬/১৪৪৮ হিজরির পাহাং ঈদে মিলাদুন্নবী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করা হয়। তিনি সনদ, ক্রেস্ট ও ১০ হাজার রিঙ্গিত অর্থ পুরস্কার পেয়েছেন।
সাবাহতে কোটা কিনাবালুর সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে ইয়াং দিপেরতুয়া নেগেরি তুন মুসা আমান অংশ নেন। এতে ১০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। এর আগে ৯৬টি দলের অংশগ্রহণে পদাং মেরদেকা থেকে এসআইসিসি পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কেলান্তানে কুবাং কেরিয়ানের আল তাকওয়া মসজিদে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় মাস উদযাপন অনুষ্ঠানেও ছিল ভিন্নধর্মী আয়োজন। ২০টির বেশি ঘোড়া ও প্রায় ৪০০ মানুষ এতে অংশ নেন। আয়োজকদের মতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সময় থেকে ঘোড়া বিভিন্ন কাজে ও যাতায়াতে ব্যবহৃত হয়ে আসায় শোভাযাত্রায় ঘোড়ার উপস্থিতির প্রতীকী তাৎপর্য রয়েছে।

