মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

রুশ হুমকি উপেক্ষা করে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

প্রিন্ট করুন

রাশিয়ার হুমকি সত্ত্বেও ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রধানমন্ত্রী হিসেবে কিয়েভে প্রথম সরকারি সফরে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কিয়েভ সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন বার্নহাম। একই সঙ্গে তিনি ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সময় যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে এই জোট গঠন করা হয়েছিল।

বার্নহাম বলেন, ইউক্রেনকে সহায়তায় জোটের দেশগুলো ‘যতটা সম্ভব সবকিছু করছে’। পাশাপাশি রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।

যুক্তরাজ্য ইউক্রেনকে নিজেদের তৈরি স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের কিছু উপাদানের নকশা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্ক্যাল্প হলো ফ্রান্সের তৈরি একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডোর ফরাসি সংস্করণ।

এই নকশা পেলে ইউক্রেন নিজ দেশেই দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।

বার্নহাম বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে মিত্র দেশগুলো নিজেদের মজুত থেকে অস্ত্র দেওয়ার পাশাপাশি অন্য দেশগুলোকেও তাদের মজুত থেকে সহায়তা দিতে উৎসাহিত করছে।

তিনি বলেন, ‘রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার এটাই সময়। তাদের এই অবৈধ যুদ্ধের অর্থ জোগানোর সক্ষমতা কমিয়ে দিতে হবে।’

ইউক্রেনের জনগণের দৃঢ়তার প্রশংসা করে তিনি আরও বলেন, ইউক্রেন ইউরোপের নিরাপত্তার রক্ষক হিসেবে কাজ করছে। এটি ইউরোপের নিরাপত্তার ওপর বোঝা নয়, বরং ইউরোপকে নিরাপদ রাখার সামনের সারির দেশ।

ক্ষেপণাস্ত্রের নকশা দেওয়ায় ক্ষুব্ধ রাশিয়া

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্রের নকশা দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্তের সমালোচনা করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠার পথে ‘সামান্যতম অগ্রগতির’ সম্ভাবনাও বাধাগ্রস্ত করছে।

তিনি জানান, ইউক্রেনে এসব ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা কোথায় রয়েছে, তা শনাক্ত করতে রুশ সামরিক বাহিনী ইতোমধ্যে তথ্য সংগ্রহ করছে। এসব উৎপাদনকেন্দ্রে হামলা চালানোরও হুমকি দেন তিনি।

পেসকভ আরও অভিযোগ করেন, ‘ব্রিটেন কিয়েভ সরকারের পক্ষ নিয়ে এই যুদ্ধে জড়িত। তারা নিয়মিতভাবে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে।’

এর জবাবে বার্নহাম পাল্টা প্রশ্ন করেন, ‘আগুনটা কে লাগিয়েছে? সেটাই তো প্রশ্ন।’

যুক্তরাজ্যকে পালটা হামলার হুমকি?

এদিকে রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে সামরিক নকশা দেওয়ার কারণে যুক্তরাজ্য ‘আধা-সামরিক’ ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে।

তবে তিনি বলেন, এই হামলা সরাসরি রাশিয়ার পক্ষ থেকে নাও হতে পারে; বরং ‘অজ্ঞাত কোনো উৎস’ থেকে আসতে পারে। ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা কারখানা বা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে হামলার আশঙ্কার কথাও জানান তিনি।

কেট মিডলটন হবেন যোগ্য রানি, বিশ্বাস করতেন রানি দ্বিতীয় এলিজাবেথ

ফেদোরভ বলেন, এমন হামলা কাম্য নয়। কারণ এতে ইউক্রেনের যুদ্ধ দেশটির সীমানা ছাড়িয়ে আরও বড় সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।