রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শিরোনাম

লেবাননকে ভাগ করতে ‘গাজা মডেল’ প্রয়োগ করছে ইসরাইল, আলোচনায় ‘হলুদ রেখা’

রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

প্রিন্ট করুন

গাজা উপত্যকায় অনুসৃত বিতর্কিত নীতি এবার দক্ষিণ লেবাননেও প্রয়োগ শুরু করেছে ইসরাইল। লেবাননের সঙ্গে ১০ দিনের নতুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই সেখানে ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’ স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর আলজাজিরার।

কী এই ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’?

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, দক্ষিণ লেবাননে এই সীমানা নির্ধারণের উদ্দেশ্য হলো তাদের ভাষায় ‘সন্ত্রাসীদের’ অনুপ্রবেশ ঠেকানো। শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে আইডিএফ জানায়, গত ২৪ ঘণ্টায় এই হলুদ রেখা অতিক্রম করে তাদের অবস্থানের দিকে এগিয়ে আসায় বেশ কয়েকজনের ওপর হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, গাজায় এই ইয়েলো লাইনের মাধ্যমে অঞ্চলটিকে পৃথক জোনে ভাগ করে ফিলিস্তিনিদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরাইল।

‘গাজাকরণ’ প্রক্রিয়ার আশঙ্কা

বিশ্লেষকরা একে দক্ষিণ লেবাননের ‘গাজাকরণ’ হিসেবে দেখছেন। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সীমান্ত সংলগ্ন লেবাননের গ্রামগুলো গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা অনেকটা গাজার বেইত হ্যানুন বা রাফাহ মডেলের মতো। ইসরাইলের দাবি, হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে এই পদক্ষেপ জরুরি। তবে যুদ্ধবিরতি চললেও শনিবার বেইত লিফ ও কানতারার মতো এলাকায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা অব্যাহত ছিল।

হিজবুল্লাহর হুঁশিয়ারি

এদিকে হিজবুল্লাহর সাধারণ সম্পাদক নাঈম কাসেম টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুঁশিয়ারি দিয়েছেন যে, যুদ্ধবিরতি কেবল একতরফা হতে পারে না। তিনি বলেন, যুদ্ধবিরতি মানে সব ধরনের শত্রুতা বন্ধ করা। আমরা ইসরাইলকে বিশ্বাস করি না, তাই আমাদের যোদ্ধারা সবসময় প্রস্তুত থাকবে। শত্রু পক্ষ লঙ্ঘন করলে আমরাও দাঁতভাঙা জবাব দেব।তিনি লেবানন থেকে ইসরাইলি সেনাদের পূর্ণ প্রত্যাহারের দাবি জানান।

কূটনৈতিক তৎপরতা ও ট্রাম্পের মধ্যস্থতা

দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে বৈঠকে বসতে পারেন।

লেবানন সরকার হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে চাপে থাকলেও ইসরাইলের অব্যাহত আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, জাতিসংঘ জানিয়েছে গত নভেম্বর থেকে এখন পর্যন্ত ইসরাইল ১০ হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে শত শত লেবানন নাগরিক প্রাণ হারিয়েছেন।