শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শিরোনাম

‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

প্রিন্ট করুন

নিট (এনইইটি) প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে অথবা সরকারকে তাকে বরখাস্ত করতে হবে—এই দাবিতে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে সংগঠনটি জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।

শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

বৈঠকের আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আবারও স্পষ্ট করে বলেন, নিট প্রশ্নফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলনের কোনো সমাধান হবে না।

তিনি বলেন, ‘সরকার যদি এই আন্দোলনের সমাধান চায়, তাহলে একমাত্র পথ হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।’

সিজেপির দাবি, প্রশ্নফাঁসের ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক দায় শিক্ষামন্ত্রীর ওপর বর্তায়। তাই তাকে পদত্যাগ করতে হবে অথবা সরকারকে তাকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে।

সংগঠনটি জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলন অব্যাহত থাকবে।