মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

সমঝোতা স্মারক মেনে চলতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করার আহ্বান ইরানের

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলতে বাধ্য করার আহ্বান জানিয়েছে ইরান।

সোমবার (২৪ আগস্ট) তেহরানে সফররত পাকিস্তানি প্রতিনিধিদলের সামনে দেশটির জ্যেষ্ঠ নেতা এই বার্তা পুনর্ব্যক্ত করেছেন।

ইরানের মেহের নিউজ এজেন্সি জানায়, তেহরানে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

বৈঠককালে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নে মার্কিন ব্যর্থতা ও লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন গালিবাফ। তিনি স্পষ্ট ভাষায় জানান, যুক্তরাষ্ট্র নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ রুদ্ধ করেছে, যা দেশটির ওপর নতুন করে অনাস্থা তৈরির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। জবাবে পাকিস্তানি সেনাপ্রধান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এদিকে ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বিগত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন। আলাপে তিনি ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তার কূটনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ইরানের সঙ্গে স্থগিত থাকা আলোচনা পুনরায় শুরু করার উদোগ নিতে অনুরোধ জানান।