রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে কাতারের দোহা থেকে আসা ফ্লাইট নম্বর বিজি ৩২৬ বিমানের কার্গো অংশ থেকে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস (এয়ারপোর্ট ইউনিট)।
সকালে দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটে অভিযান পরিচালনা করা হয়। বিমানটির সামনের কার্গো হোল্ডে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় কাপড়ে লুকানো স্বর্ণের বারগুলো পরিত্যক্তভাবে পাওয়া যায়।
এ বিষয়ে কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উদ্ধার করা স্বর্ণ যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।
এ ঘটনায় কাস্টমস আইন-২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। কীভাবে কার্গো হোল্ডে এত পরিমাণ স্বর্ণ প্রবেশ করলো এবং কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করা হবে।

