শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে ‘কালাম’স বাজার’ সুপার শপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ওজন পার্কের লিবার্টি এভিনিউতে বাংলাদেশি মালিকানাধীন নতুন গ্লোসারি শপ ‘কালামস বাজার’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে এ বাজারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেবল বাংলাদেশি প্রবাসী নয়, অন্যান্য ভাষাভাষী মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজন করা হয় ফ্রি ফুড ফেস্টিভ্যাল, যা বিপুল সংখ্যক প্রবাসী ও স্থানীয়দের আকর্ষণ করে। একইসঙ্গে মাত্র ১০০ ডলার কেনাকাটায় ২০ হাজার ডলারেরও বেশি প্রাইজমানি জেতার বিশেষ সুযোগ দেওয়া হয় ক্রেতাদের। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এত বড় পরিসরে একটি গ্লোসারি শপ প্রতিষ্ঠা করা শুধু ব্যবসায়িক সাফল্য নয়, এটি প্রবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য ও আর্থসামাজিক অবস্থানের ইতিবাচক প্রতিফলন।

কালামস বাজারে পাওয়া যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য—শাক-সবজি, ফলমূল, তরিতরকারি, দেশীয় খাদ্যসামগ্রী, মসলা ও চাল-ডালসহ প্রতিদিনের চাহিদার সব উপকরণ। প্রবাসী মুসলিমদের প্রয়োজন মেটাতে রয়েছে সম্পূর্ণ হালাল সতেজ মাংস—গরু, ছাগল, হাঁস ও মুরগি। এছাড়া বাংলাদেশি নদী-খাল-বিলের বাহারি প্রজাতির প্রোজেন ফিসও পাওয়া যাচ্ছে বাজারটিতে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, কেবল বাংলাদেশি আমেরিকান নয়, বহুজাতিক গ্রাহকদের চাহিদাও মাথায় রেখে সাজানো হয়েছে বাজারের পণ্যের তালিকা। আধুনিকতার ছোঁয়ায় এখানে রাখা হয়েছে অনলাইন অর্ডারের সুবিধা, যার মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে প্রয়োজনীয় সামগ্রী। একইসঙ্গে বড় আকারের গাড়ি পার্কিং সুবিধা থাকায় ক্রেতারা নির্বিঘ্নে ও ঝামেলামুক্তভাবে কেনাকাটা করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নিত্যদিনের বাজারজাত চাহিদায় এক নতুন মাত্রা যোগ করবে কালামস বাজার। বাহারি সব দেশীয় পণ্য এক ছাদের নিচে পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের মতে, খুব অল্প সময়ের মধ্যেই কালামস বাজার কেবল প্রবাসী বাংলাদেশিদের নয়, অন্যান্য কমিউনিটির কাছেও একটি বিশ্বস্ত নাম হয়ে উঠবে।