মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের উদ্যোগে জমজমাট আয়োজনে ইফতার

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

প্রিন্ট করুন

উত্তর আমেরিকা অফিস: নিউইয়র্কে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের উদ্যোগে জমজমাট আয়োজনে ইফতার মাহফিল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে কিং কাবাব রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এনসিপির সদস্যবৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীরা অংশ নেন।

রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা ও সম্মিলিত দোয়ার মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার সময় বিশেষভাবে স্মরণ করা হয় শহীদ উসমান হাদীসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের। একইসঙ্গে দলের যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের এক বছরের পথচলা ও সাফল্য নিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র এনসিপির সদস্য সচিব ডা. মো. আবদুল মোহাইমিন সাইমন। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান মুখ্য সংগঠক মো. হাসান সিদ্দিক। এছাড়া বক্তব্য রাখেন আরিফ ইকরাম, জনপ্রিয় ব্যান্ড প্রমিথিউসের কণ্ঠশিল্পী বিপ্লব এবং যুক্তরাষ্ট্র এনসিপির প্রিয়মুখ মো. জহিরুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ভার্চুয়াল উপস্থিতি। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং প্রবাসে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সবশেষে যুক্তরাষ্ট্র এনসিপির নারী নেতৃত্বের মাধ্যমে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। নেতৃবৃন্দ জানান, গত এক বছরে সংগঠনটি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্য, সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, ধর্মীয় ও কমিউনিটি কেন্দ্রিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।