ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় আবারও নেতৃত্ব দিতে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই সরাসরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সিএনএন জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারও এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে পারেন। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই এই দলটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।
জানা গেছে, যুদ্ধের একটি ‘সম্মানজনক প্রস্থান’ বা ডিপ্লোম্যাটিক অফ-র্যাম্প খুঁজে বের করার জন্য ট্রাম্প তার এই তিন শীর্ষ উপদেষ্টার ওপর পূর্ণ আস্থা রেখেছেন।
এদিকে গত শনিবার টানা ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর থেকে ভ্যান্স, উইটকফ এবং কুশনার ইরানি প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে বড় কিছু ঘটতে পারে।
যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যৎ আলোচনার বিষয়ে আলোচনা চলছে তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত করা হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, তবে বৈঠকের চূড়ান্ত রূপরেখা এখনও প্রক্রিয়াধীন।

