লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটি এখন স্থায়ী সমঝোতার দিকে এগোচ্ছে। খবর আল আরাবিয়ার।
শুক্রবার (১৭ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবানন একটি নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে। এই পর্যায়ে যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার দিকে যাওয়ার চেষ্টা করা হবে, যা দেশের জনগণের অধিকার, ঐক্য এবং সার্বভৌমত্ব রক্ষা করবে।
জোসেফ আউন বলেন, এখন আমরা একটি নতুন ধাপের সামনে দাঁড়িয়ে আছি। এটি যুদ্ধবিরতি থেকে স্থায়ী চুক্তির দিকে যাওয়ার সময়।
তিনি ইঙ্গিত দেন, ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের প্রভাব থেকে বেরিয়ে এসে লেবানন আর কারও যুদ্ধক্ষেত্র হতে চায় না।
প্রেসিডেন্ট বলেন, আজ আমরা নিজেদের জন্য মধ্যস্থতা করছি। আমরা আর কারও দাবার ঘুঁটি নই, কিংবা কারও যুদ্ধক্ষেত্র নই—এবং ভবিষ্যতেও হবো না।
তিনি আরও বলেন, প্রায় অর্ধশতাব্দীর মধ্যে প্রথমবারের মতো লেবানন সরকার নিজ দেশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুনরুদ্ধার করেছে।
পরবর্তীতে তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগামী কয়েক দিনের মধ্যে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে।
এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠক হয়, যা কয়েক দশকের মধ্যে দুই দেশের প্রথম সরাসরি বৈঠক। ১৯৪৮ সাল থেকে দুই দেশ কৌশলগত যুদ্ধে রয়েছে।
ভাষণে জোসেফ আউন জোর দিয়ে বলেন, ইসরাইলের সঙ্গে সরাসরি আলাপ কোনো দুর্বলতা নয় এবং এতে দেশের সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, কোনো চুক্তিই আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করবে না, জনগণের মর্যাদা কমাবে না বা দেশের এক ইঞ্চি মাটিও ত্যাগ করা হবে না।

