ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয়ের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। পেন্টাগনের একজন উর্ধ্বতন কর্মকর্তার দেয়া তথ্যমতে, ইরান ও ইসরাইল কেন্দ্রিক এই যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলারে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) কমপট্রোলার হিসেবে দায়িত্বরত কর্মকর্তা জুলস হার্স্ট দেশটির আইনপ্রণেতাদের এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুদ্ধের ময়দানে ব্যবহৃত সামরিক সরঞ্জাম মেরামত, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের প্রতিস্থাপন এবং সামগ্রিক অপারেশনাল কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এই বিশাল অংকের অর্থ ব্যয় হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক তৎপরতা বজায় রাখতেই এই অর্থের সিংহভাগ খরচ করা হচ্ছে।
উল্লেখ্য, গত মাসের শেষ দিকে এই ব্যয়ের যে প্রাথমিক হিসাব দেওয়া হয়েছিল, বর্তমান অংকটি তার চেয়েও প্রায় ৪ বিলিয়ন ডলার বেশি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুদ্ধের ব্যয় এভাবে লাফিয়ে বাড়ায় মার্কিন নীতিনির্ধারক ও আইনপ্রণেতাদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের স্থায়িত্ব বাড়লে এই ব্যয়ের পরিমাণ আগামীতে আরও বহুগুণ বৃদ্ধি পেতে পারে।

