ধর্ষকের শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদান মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
আজ শুক্রবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল (সা.)- এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।”
মিয়া গোলাম পরওয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দলের নীতিনির্ধারকগণ প্রায়শই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়া-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন, অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই বহিঃপ্রকাশ ঘটল।
তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবমাননাকর মন্তব্য দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং সামগ্রিকভাবে তাদের ক্ষুব্ধ ও উসকে দিয়েছে। দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করে, এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী শরিয়া আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন। এই অবমাননাকর মন্তব্য প্রত্যাহার করার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

