বুধবার, ১০ জুন ২০২৬

শিরোনাম

নেহরুর রেকর্ড ছাপিয়ে ইতিহাস গড়লেন মোদি

বুধবার, জুন ১০, ২০২৬

প্রিন্ট করুন

ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তিনি (১০ জুন) ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েন। এদিন তিনি জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করে টানা ৪ হাজার ৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কৃতিত্ব অর্জন করেন। খবর হিন্দুস্থান টাইমসের।

প্রসঙ্গত, ২০১৪ সালের মে মাসে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসেন মোদি। এই দীর্ঘ রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায় উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে এক শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এই মাইলফলক কেবল আপনার দীর্ঘ কর্মজীবনের প্রমাণ নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণের আপনার নেতৃত্বের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।’ তিনি ভারতের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, মোদির নেতৃত্ব শুধু ভারত নয়, শ্রীলংকাসহ অনেক দেশকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে অর্থনৈতিক সংকটের সময়ে ভারতের সহায়তার কথাও স্মরণ করেন তিনি।

পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে ভিডিও বার্তায় নরেন্দ্র মোদিকে ‘নেতৃত্বের রোল মডেল’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘২০ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনে ভালো জীবন দেওয়া এক অসাধারণ কৃতিত্ব।’ পাশাপাশি দুদেশের সম্পর্ক আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার ভারতের সাম্প্রতিক অগ্রগতিকে বিশ্ববাসীর জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘সাধারণ প্রেক্ষাপট থেকে উঠে এসে ১৪০ কোটির মানুষের নেতৃত্ব দেওয়ার এই যাত্রা বিশ্বজুড়ে অনুপ্রেরণা জোগায়।’ তিনি ভারতের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সামাজিক অগ্রগতির বিভিন্ন দিকেরও প্রশংসা করেন।

এদিকে মার্কিন সিনেটের ইন্ডিয়া ককাসের সহ-সভাপতি ও রিপাবলিকান সিনেটর জন কর্নিনও মোদিকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। তিনটি গণতান্ত্রিক ম্যান্ডেট বা জন রায়ের মাধ্যমে ১৪০ কোটি মানুষের আস্থা অর্জন করে তিনি ৪,৩৯৯ দিন ধরে নেতৃত্ব দিয়েছেন। ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা থেকে শুরু করে ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত করা-প্রধানমন্ত্রী মোদির এই মেয়াদকাল ছিল সত্যিই বৈপ্লবিক। মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্ব এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’

অন্যদিকে আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী ও গায়িকা মেরি মিলবেনও দীর্ঘ এক বার্তায় নরেন্দ্র মোদির অর্জনের প্রশংসা করেন। তিনি মোদির উত্থানকে ‘ইন্ডিয়ান ড্রিম’ বা ভারতীয় স্বপ্নের প্রতীক হিসেবে বর্ণনা করে লেখেন, ‘ভারতের আকাশে যখন তেরঙ্গা পতাকা সগর্বে উড়ছে, তখন আমরা একটি মহান দেশের যাত্রাপথে এক ঐতিহাসিক, গণতান্ত্রিক মাইলফলক উদযাপন করছি। আজ, আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করায় আমার আন্তরিক অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ‘আপনার অবিচল নেতৃত্ব, ১৪০ কোটি ভারতবাসীর অগ্রগতি, ঐক্য ও আকাঙ্ক্ষার প্রতি চিরন্তন দায়বদ্ধতা এবং একটি শক্তিশালী ‘ভারত’ গড়ার ক্ষেত্রে আপনার অনড় দৃষ্টিভঙ্গি দেশকে এক রূপান্তরের যুগে নিয়ে যেতে সাহায্য করেছে।’ একই সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে মোদির ভূমিকারও প্রশংসা করেন তিনি।