শনিবার, ২৭ জুন ২০২৬

শিরোনাম

২৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

শুক্রবার, জুন ২৬, ২০২৬

প্রিন্ট করুন

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের চাকাও এলাকায় ধসে পড়া ডন পেপে ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ভবনটি ধসে পড়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পর তাকে উদ্ধার করা হয়।

চাকাওর মেয়র গুস্তাভো ডুকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ভূমিকম্পের কারণে সৃষ্ট সব ধরনের দুর্ঘটনায় সাড়া দিতে আমাদের উদ্ধারকারী দল এখনো মাঠে কাজ করছে।

ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বৃহস্পতিবার হালনাগাদ তথ্যে ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়। ধ্বংসস্তূপের নিচে বিপুল মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) আশঙ্কা, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।