সোমবার, ০৬ জুলাই ২০২৬

শিরোনাম

খামেনির শেষ বিদায়কে ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখের বেশি ট্রিপ

রবিবার, জুলাই ৫, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরান মেট্রোতে ৭০ লাখের বেশি ট্রিপ রেকর্ড করা হয়েছে। দেশটির আধ-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৭টা পর্যন্ত তেহরান মেট্রো নেটওয়ার্কে ৭০ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন।

এই যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত খামেনি ও তার পরিবারের সদস্যদের শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে। অনুষ্ঠানটি রোববার রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে।

তাসনিম জানিয়েছে, অনুষ্ঠানস্থলে সহজে পৌঁছাতে অংশগ্রহণকারীদের মেট্রো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন আয়োজকেরা।

তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়।

শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলর জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।