টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে ওয়াংশিটন । দুদেশের মধ্যে চলমান সমঝোতা আলোচনা অচল হয়ে পড়ার মধ্যেই এসব হামলা চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ করতে ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনো সম্ভব’।
মঙ্গলবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা তৃতীয় রাতের মতো ইরানে নতুন করে হামলা চালিয়েছে। সমঝোতা আলোচনা অচল হয়ে পড়ার মধ্যেই এসব হামলা চালানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, এসব হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ মানুষের ওপর হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলা শুরু হয় গ্রিনিচ মান সময় রাত ৮টা ৪৫ মিনিটে।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ করতে ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনো সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি সমঝোতা সম্ভব। দুই দিন আগেও আমাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, তারা এখনই সেই চুক্তি করতে পারবে না, আরও আলোচনা করতে চায়।’

