জর্ডানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের আকাশসীমায় প্রবেশ করার পর সেগুলো সফলভাবে প্রতিহত করা হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত হওয়ার পর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ নিরাপদে সরিয়ে নিতে রয়্যাল ইঞ্জিনিয়ারিং কর্পসের বিশেষজ্ঞ দল কাজ করেছে। অনুমোদিত কারিগরি ও নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাস্থলগুলো নিরাপদ করা হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবন ও সম্পদের কোনো ক্ষতি না হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জর্ডানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বা আকাশসীমা ব্যবহার করে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টির প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে।
সেনাবাহিনী জানায়, সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে আকাশসীমা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কোন লক্ষ্যবস্তুতে ছোড়া হয়েছিল বা এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

